টক-মিষ্টি মজাদার জ্যাক বল
টক-মিষ্টি মজাদার জ্যাক বল
মুখরোচক খাবার মানেই ভিন্ন কিছু। খাবারের স্বাদ এবং গুণাগুণ নির্ভর করে এর আয়োজন এবং উপাদানের উপর। ভালো কিছু খেতে হলে একটু বড় পরিসরে আয়োজন করতে হয়। খাবার শুধু খাওয়ার জন্যই হলেই হবেনা, খাবারের পুষ্টিগুণ এর দিকেও খেয়াল রাখতে হয়। তাই খাবারের স্বাদ এবং পুষ্টিগুণের দিকে লক্ষ রেখেই আজকের আয়োজন।
টক-মিষ্টি মজাদার জ্যাক বল, নাম শুনলেই মনে হবে ফানি কিছু। কিন্তু উপকরণ সমূহ দেখলে আবার মনে হবে ঝামেলায় পড়তে হবে। কিন্তু ভালো খাবার খেতে হলে একটু কষ্ট করতেই হয়। উপকরণ গুলো বরাবর সংগ্রহ করে ভালো মতো প্রস্তুত করলে হয় তো ভিন্ন কিছু সত্যিই পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আয়োজন।
উপকরণ সমূহ
✓ সেদ্ধ করে পানি শুকিয়ে বেটে নেওয়া এঁচড় ৬০০ গ্রাম
✓ বাঁধাকপি ঝুরি সাড়ে তিন কাপ
✓ ক্যাপসিকাম কুচি একটি
✓ আদা কুচি দুই টেবিল চামচ
✓ রসুন কুচি দুই টেবিল চামচ
✓ কাঁচা মরিচ কুচি চার টেবিল চামচ
✓ চিংড়ি মাছ (লবণ দিয়ে হালকা ভেজে নেওয়া) প্রতিটি বলের জন্য একটি করে চিংড়ি মাছ।
✓ ডার্ক সয়াসস চার টেবিল চামচ
✓ গোলমরিচ গুঁড়া এক চা-চামচ
✓ কর্নফ্লাওয়ার পৌনে এক কাপ
✓ ডিম একটি
✓ ময়দা দেড় কাপ
✓ লবণ স্বাদ অনুযায়ী
✓ চিনি স্বাদ অনুযায়ী
✓ পেঁয়াজ কুচি এক কাপ
✓ তেল তিন টেবিল চামচ
✓ কেচাপ আধা কাপ
✓ চিকেন স্টক দুই কাপ
✓ লম্বা নুডলস্ ১২৫ গ্রাম।
প্রস্তুত প্রক্রিয়া
একটি বাটিতে এঁচড় নিয়ে তাতে বাঁধাকপি ঝুরি, দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া, এক চা-চামচ চিনি, আধা চা-চামচ লবণ, দুই টেবিল চামচ ডার্ক সয়াসস, আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ক্যাপসিকাম কুচি অর্ধেক ও আধা কাপ ময়দা এবং ডিম একত্রে ভালো করে মিশিয়ে মেখে নিন।
বাকি এক কাপ ময়দা একটি ট্রে বা প্লেটে ছড়িয়ে রাখুন। চুলায় কড়াইয়ে তেল গরম বসিয়ে দিন। তারপর দুই হাতের তালুতে ময়দা মেখে হাতের মুঠোয় এঁচড়ের মিশ্রণ একটি বলের আন্দাজমতো নিয়ে ভেতরে একটি করে আধা ভাজা চিংড়ি ঢুকিয়ে দিন।
এরপর বলের আকারে তৈরি করে ময়দায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। ফ্রাইপ্যানে তিন টেবিল চামচ তেল গরম করে প্রথমে রসুন কুচি হালকা ভেজে সঙ্গে আদা কুচি দিয়ে ভেজে নিন। হালকা বাদামি হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।
রসুন ও আদা কুচি একটু গাঢ় বাদামি হয়ে এলে বাকি কাঁচা মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি ঝুরি ও বাকি লবণ-চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। এবার টমেটো কেচাপ, অবশিষ্ট ডার্ক সয়াসস, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন।
একটি বাটিতে বাকি কর্নফ্লাওয়ার গুলো নিয়ে তা গ্রেভিতে দিয়ে দিন। বলগুলো তাতে ছেড়ে দিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নাড়ুন। অল্প আঁচে ঢেকে পাঁচ মিনিট পর চুলার আঁচ নিভিয়ে দিন। বল ভাজার অবশিষ্ট তেলে রাইস নুডলস ভেজে পরিবেশন পাত্রে উঠিয়ে তার ওপর জ্যাক বলগুলো ঢেলে দিন। এবার তা গরম গরম পরিবেশন করুন।


No comments